জাতীয়

জুলাই-আগস্টেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঢাকা, ২ জুন – দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, আসন্ন বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পর জুলাই ও আগস্ট মাস নাগাদ কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, রাজধানীর লেকগুলো পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ওয়াসা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে হাতিরঝিল লেক পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

তবে লেকটিতে সরাসরি সুয়ারেজ লাইন সংযুক্ত থাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা সময় প্রয়োজন হচ্ছে। এই সুয়ারেজ লাইনগুলো দাশেরকান্দি শোধনাগারে স্থানান্তরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া পরিবেশ দূষণ রোধে আগামী ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট সোসাইটিগুলোকে নিজস্ব স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এসটিপি স্থাপনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মীর শাহে আলম আরও জানান যে, ঈদের পরদিন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো প্রটোকল ছাড়াই নিজে গাড়ি চালিয়ে প্রায় চার ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি শহরের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করেন এবং কাজের ক্ষেত্রে কোনো প্রকার গাফিলতি দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে দায়িত্ব অবহেলার দায়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রশাসনিক তদারকিতে কিছুটা সীমাবদ্ধতা ছিল।

তবে বর্তমানে কাজের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সরকার দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে কাজ করছে। নাগরিকদের প্রতি যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রেনে সরাসরি বর্জ্য ফেলার কারণে তা শেষ পর্যন্ত লেকে এসে পড়ে। এতে করে বারবার পরিষ্কার করার পরেও লেকগুলো আগের অবস্থায় ফিরে যাচ্ছে। পরিচ্ছন্ন ঢাকা গড়তে সবার সহযোগিতা একান্ত কাম্য।

এস এম/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language