মধ্যপ্রাচ্য

পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর রাতভর অভিযান, ৭০ জনের বেশি ফিলিস্তিনি আটক

জেরুজালেম, ২৫ জুলাই – ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযানে অন্তত ৭০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। পশ্চিমতীরের তেল গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই অভিযান শুরু হয়।

জানা গেছে, উক্ত ঘটনার সময় এক ফিলিস্তিনি অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরায়েলিকে হত্যা করেন। এরপরই রাতভর পশ্চিমতীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের আটক করার পাশাপাশি কয়েকশ মানুষকে জিজ্ঞাসাবাদের নামে হেনস্তা করে ইসরায়েলি সেনারা।

দখলদার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আটককৃতরা হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ছিল। সেনাবাহিনী আরও জানায়, তেল গ্রাম থেকে ১১ জনকে আটক করা হয়েছে এবং জেনিন এলাকায় প্রায় ৩০০টি স্থানে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।

ইসরায়েলি সেনাদের দাবি অনুযায়ী, আটককৃতরা বিস্ফোরক ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিল। তবে এই দাবির সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি তারা।

এনএন/ ২৫ জুলাই ২০২৬


Back to top button