জাতীয়

মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমা উদ্ধার: অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা

ঢাকা, ২৫ জুলাই – রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে শক্তিশালী বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার মতিঝিল থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এই মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদী উল্টো রথযাত্রার নিরাপত্তায় হোন্ডা মোবাইল ডিউটিতে নিয়োজিত ছিলেন। ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি যখন মতিঝিল শাপলা চত্বর পার হচ্ছিল, তখন সন্ধ্যার দিকে ট্রাফিক বিভাগ থেকে ডিএমপি কন্ট্রোল রুমে একটি বোমাসদৃশ বস্তু পাওয়ার তথ্য জানানো হয়।

একটি ছাতার ভেতরে রাখা ওই বস্তুটি থেকে আলো জ্বলতে দেখে দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। আতঙ্ক ছড়ানো রোধে পুলিশ সদস্যরা রথযাত্রায় অংশ নেওয়া মানুষদের সেখানে শর্ট সার্কিট হয়েছে বলে জানান এবং জায়গাটি পাশ কাটিয়ে যাওয়ার অনুরোধ করেন।

মিছিলটি স্বামীবাগ আশ্রমের দিকে চলে যাওয়ার পর ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল এসে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে জি আই পাইপের খণ্ডিত অংশ, ব্যাটারি এবং বিয়ারিং বল উদ্ধার করেছে।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button