কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে আদর-বুবলী জুটির সিনেমা ‘পিনিক’

ঢাকা, ২৬ মে – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি আদর আজাদ ও শবনম বুবলীর নতুন সিনেমা ‘পিনিক’ নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সব ধোঁয়াশা কাটিয়ে অবশেষে জানানো হয়েছে যে, আসন্ন কোরবানির ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।
মূলত চলতি বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও সে সময় একাধিক সিনেমা মুক্তির মিছিলে থাকায় এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি রাজধানীর এফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটির সংশ্লিষ্টরা কোরবানির ঈদে মুক্তির এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।
‘পিনিক’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জাহিদ জুয়েল। অভিষেক চলচ্চিত্র হলেও এর নির্মাণশৈলীতে পরিচালক মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন সিনেমার কেন্দ্রীয় চরিত্র আদর আজাদ। প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় দর্শকরা একসঙ্গে অ্যাকশন, রোমান্স এবং সাসপেন্সের স্বাদ পাবেন।
সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে আদর আজাদ জানান যে, তার চরিত্রের নাম ‘পাশা’, যা রহস্যময় এবং ইতিবাচক নাকি নেতিবাচক তা পুরো সিনেমা না দেখলে বোঝা সম্ভব নয়। উল্লেখ্য যে, এর আগে ‘তালাশ’ এবং ‘লোকাল’ সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে এই জুটি।
সেই সাফল্যের ধারাবাহিকতায় পিনিক তাদের অভিনীত তৃতীয় সিনেমা। তারকা বহুল এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান এবং মোমেনা চৌধুরী। এছাড়া নবাগত অভিনেত্রী কেয়া আল জান্নাহকেও এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে।
এস এম/ ২৬ মে ২০২৬









