সিরাজগঞ্জ

বিনিয়োগের প্রলোভন ও জিনের বাদশা সেজে প্রতারণা: সিরাজগঞ্জে আটক ১

সিরাজগঞ্জ, ২ জুন – অনলাইন অ্যাপসে বিনিয়োগের মাধ্যমে মোটা অংকের লাভের প্রলোভন এবং নিজেকে চারশ বছরের পুরনো জিনের বাদশা পরিচয় দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মো. আব্দুল হামিদ।

তার বিরুদ্ধে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১ জুন মমতাজ বেগম নামে এক ভুক্তভোগী নারী মামলা দায়ের করলে পুলিশ অভিযানে নামে।

মামলার তথ্যমতে, প্রায় তিন মাস আগে আব্দুল হামিদ ইকো ভোল্ট নামক একটি সোলার প্যানেল প্রতিষ্ঠানের অ্যাপসে বিনিয়োগ করলে অধিক মুনাফা পাওয়া যাবে বলে গ্রাহকদের প্রলোভন দেখান। তার কথায় প্রলুব্ধ হয়ে মমতাজ বেগমের মাধ্যমে প্রায় ১০০ জন গ্রাহক ওই অ্যাপসে বিনিয়োগ করেন।

অভিযোগ অনুযায়ী, আব্দুল হামিদ প্রথমে গ্রাহকদের কাছ থেকে ১১ লাখ টাকা সংগ্রহ করেন। পরবর্তীতে সিইএফ নামের আরেকটি অ্যাপসে বিনিয়োগের কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ৬ লাখ টাকা হাতিয়ে নেন। ইকো ভোল্ট অ্যাপসটি অকার্যকর হয়ে পড়লে পুনরায় অধিক লাভের কথা বলে আরও ৪ লাখ টাকা সংগ্রহ করেন তিনি।

সবমিলিয়ে মোট ২১ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে পুলিশ জানায়। সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রাম থেকে হামিদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তদন্তে দেখা যায়, তিনি বিভিন্ন সময় নানা নামে অ্যাপস চালু করে বেকার যুবক ও সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নিতেন। টাকা ফেরত চাইলে তিনি টেলিগ্রামের মাধ্যমে নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখাতেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। এ চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ সম্মেলনে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language