যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, ১৫ কিলোমিটার জুড়ে যানজট

সিরাজগঞ্জ, ৫ জুন – উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে ঢাকামুখী লেনে এক বাসের পেছনে অন্য একটি বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে সেতুর ৭ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনার পর সেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে পড়ায় উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিশেষ করে সেতুর পশ্চিম পাড় তথা সিরাজগঞ্জ মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঢাকার দিকে যাওয়ার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ রেকার নিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধারের কাজ শুরু করে।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, সেতুর ওপর দুর্ঘটনা কবলিত বাসগুলো সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এনএন/ ৫ জুন ২০২৬









