সাগরে ভাসার জন্য প্রস্তুত বিশ্বের বৃহত্তম প্রমোদ তরী

ফিনল্যান্ডের শিপইয়ার্ডে নির্মাণ শেষে যাত্রার জন্য প্রস্তুত বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজ। চলতি বছরের অক্টোবরে সম্ভাব্য ডেলিভারির আগেই শেষবারের মতো পরীক্ষামূলকভাবে নামবে উন্মুক্ত সাগরে। এর পরপরই চূড়ান্ত হয়ে যাবে সবকিছু।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের ‘আইকন অব দ্য সিস’ নামের এই প্রমোদ তরী লম্বায় এক হাজার ২০০ ফুট ও ওজন দুই লাখ ৫০ হাজার ৮০০ টন। অর্থাৎ, দুটি সিএন টাওয়ারকে ভাসিয়ে রাখার চেষ্টার সঙ্গে একে তুলনা করা যায়।
আগামী জানুয়ারিতে ক্যারিবিয়ানের দিকে যাত্রা করবে আইকন অব দ্য সিস। থাকবে পাঁচ হাজার ৬১০ জন যাত্রী ও দুই হাজার ৩৫০ জন ক্রু।
এই জাহাজে থাকছে সমুদ্রে বিশ্বের বৃহত্তম ওয়াটারপার্ক ও ছয়টি রেকর্ড-ব্রেকিং ওয়াটার স্লাইড। থাকবে সাতটি পুল ও নয়টি জলের ঘূর্ণি।
ইউরোপের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা মায়ার তুর্কু শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে আইকন অব দ্য সিস। আশা করা হচ্ছে, আগামী ২৬ অক্টোবর রয়্যাল ক্যারিবিয়ানের বহরে যোগ দেবে জাহাজটি।
বর্তমানে বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজ ওয়ান্ডার অব দ্য সিস, এটি রয়্যাল ক্যারিবিয়ান ফ্লিটের অংশ। গত বছর যাত্রা করা এই জাহাজের দৈর্ঘ্য এক হাজার ১৮৮ ফুটের সামান্য কম, ডেক রয়েছে ১৮টি।
রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল ক্রুজ লাইনের পক্ষ থেকে বলা হচ্ছে, সর্বশেষ প্রযুক্তির ব্যবহার ও সংস্থার ৫০ বছরের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে আইকন অব দ্য সিস।
সংস্থার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মাইকেল বেইলি জানান, পারিবারিক অবকাশের জন্য যা যা প্রয়োজন তার সবই থাকছে এই জাহাজে।
আইকন অব দ্য সিস গত ২২ জুন সমুদ্রে প্রথম দফা পরীক্ষা সম্পন্ন করেছে। এ সময় শত শত মাইল পরিভ্রমণ করেছে। পরীক্ষা করা হয়েছে প্রধান ইঞ্জিন, ব্রেক সিস্টেম, স্টিয়ারিং, শব্দ ও কম্পনের মাত্রা।”আবহাওয়ার কারণে যাত্রা কিছুটা বিলম্বিত হলেও সব কাজ সময় মতো শেষ করা গেছে।
জাহাজটি খাবার, পানীয় ও বিনোদনের ৪০টিরও বেশি উপকরণ রয়েছে, যার অনেকগুলোর ভাড়ার অন্তর্ভুক্ত। ২০টি ডেক ও আটটি সাইটসহ থাকছে প্রাপ্তবয়স্কদের বিনোদনের আয়োজন।
প্রযুক্তিগতভাবে পরিবেশবান্ধব থাকার চেষ্টা করছে আইকন অব দ্য সিস। এটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও ফুয়েল সেল প্রযুক্তিতে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের প্রথম জাহাজ।
গুঞ্জন রয়েছে, অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে আইকন অব দ্য সিস রেকর্ড করেছে। কোম্পানির ত্রৈমাসিক আর্থিক আর্থিক বিবরণ প্রকাশের সময় মাইকেল বেইলি জানান, আইকন অব দ্য সিসকে আক্ষরিকভাবে তাদের জাহাজগুলোর মধ্যে ‘সেরা-পারফর্মিং নতুন পণ্য’।
সব ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি থেকে আইকন অব দ্য সিস যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ানের গন্তব্যে ছুটবে। সাতদিনের এই ট্রিপ সারা বছর চালু থাকবে।
এম ইউ









