মুম্বাইয়ের জলাবদ্ধতাকে ‘মানবসৃষ্ট সমস্যা’ বললেন বোম্বে হাইকোর্ট

মুম্বাই, ৮ জুলাই – টানা ভারী বর্ষণে জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। রেকর্ড ভাঙা বৃষ্টিতে শহরের পথঘাট তলিয়ে গিয়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল এবং তীব্র যানজটে নাকাল হচ্ছেন শহরবাসী। মুম্বাইয়ের এই নাজুক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেছেন বোম্বে হাইকোর্ট।
আদালত বলেছেন, এই সংকট প্রাকৃতিক নয় বরং মানবসৃষ্ট। জলাবদ্ধতার জন্য যথাযথ কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদের অসচেতনতা এবং জনপরিসরের অপব্যবহারকেই দায়ী করেছেন আদালত। একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পের শুনানিকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি গৌতম আনখাদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এসব পর্যবেক্ষণ তুলে ধরেন।
আদালত বলেন, অবৈধভাবে জমি দখল, ড্রেন বা নর্দমায় বর্জ্য ফেলে তা বন্ধ করে রাখা এবং অবকাঠামোর অব্যবস্থাপনার কারণেই এই ভোগান্তি তৈরি হচ্ছে। মানুষ ড্রেন আটকে রাখছে এবং ফুটপাত দখল করে খাবারের দোকান বা অবৈধ পার্কিং তৈরি করছে।
এমনকি হাইকোর্ট প্রাঙ্গণের বাইরের ফুটপাতও অবৈধভাবে দখল হয়ে আছে বলে অসন্তোষ প্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। আদালত আরও পর্যবেক্ষণ করেন যে, মানুষের মধ্যে আইন না মানার প্রবণতা বাড়ছে।
বেআইনিভাবে জমি দখলের পর যখন উচ্ছেদের নোটিশ আসে, কেবল তখনই মানুষ আইনের আশ্রয় নিতে চায়। আদালতের মতে, নাগরিকদের নিজস্ব দায়িত্ববোধ এবং পরিবেশের প্রতি সচেতনতা ছাড়া এই জলাবদ্ধতা সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়।
এস এম/ ৮ জুলাই ২০২৬









