পাহাড় ধসের শঙ্কা: সাজেক ভ্যালিতে পর্যটন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

রাঙামাটি, ৮ জুলাই – পাহাড় ধসের আশঙ্কায় সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর ও ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী জেলায় অব্যাহত ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র এবং ঝর্ণা এলাকায় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে পাহাড় ধসের কারণে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিসহ সব পাহাড়ি ট্রেইল ও দুর্গম স্থানে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে।
এদিকে মঙ্গলবার রাত ৯টার দিকে পাহাড় ধসের ঘটনায় বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সাজেকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ও সড়ক সচল করতে কাজ শুরু করেছেন সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা।
সমগ্র জেলায় চলাচলের ক্ষেত্রে সর্বসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এস এম/ ৮ জুলাই ২০২৬









