কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ডুবেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

রাঙামাটি, ২৯ আগস্ট – টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পর্যটকদের অন্যতম আকর্ষণ রাঙামাটির ঝুলন্ত সেতুর পাটাতন পানির নিচে তলিয়ে গেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে সেতুটির পাটাতন প্রায় চার ইঞ্চি ডুবে যায়।
তবে ঝুঁকি থাকা সত্ত্বেও এখনো সেতুর ওপর দিয়ে পর্যটক ও স্থানীয়দের চলাচল অব্যাহত রয়েছে। কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে হ্রদে পানির উচ্চতা ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল এ অবস্থান করছে। পানির এই স্তর বিপৎসীমার বেশ কাছাকাছি বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার রাত ১০টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে কর্ণফুলী নদীতে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হবে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনকারী পাঁচটি ইউনিটের মাধ্যমে বর্তমানে আরও ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান যে হঠাৎ বৃষ্টির কারণে সেতুটি তলিয়ে গেছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর সেতুতে চলাচল বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
এদিকে হ্রদের পানি বাড়তে থাকায় রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং সাজেক থেকে বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পানির উচ্চতা আরও চার ফুট বাড়লে হ্রদটি বিপৎসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এস এম/ ২৯ আগস্ট ২০২৬









