কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: নির্ধারিত সময়ের আগেই খুলল ১৬ জলকপাট

রাঙ্গামাটি, ৩০ আগস্ট – কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
শনিবার রাত সোয়া আটটার দিকে এসব জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এর ফলে প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে প্রায় নয় হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে হ্রদের পানির উচ্চতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পূর্বঘোষিত রাত ১০টার পরিবর্তে আগেই জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলকপাট খোলার সময় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৯৮ ফুট মিন সি লেভেল।
এর আগে দুপুর দুইটায় পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট। এর আগে দুপুরে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাত ১০টায় পানি ছাড়ার কথা জানিয়েছিল। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় এই সময় পরিবর্তন করা হয়।
কেন্দ্র সূত্রে জানা গেছে বর্তমানে ১৬টি জলকপাট দিয়ে নয় হাজার কিউসেক পানি ছাড়ার পাশাপাশি পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। সব মিলিয়ে কর্ণফুলী নদীতে বর্তমানে প্রায় ৪১ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। কর্তৃপক্ষ নিয়মিত পানির উচ্চতা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
কাপ্তাই হ্রদ থেকে অতিরিক্ত পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীর তীরবর্তী রাঙ্গামাটি চট্টগ্রাম ও কাপ্তাইয়ের নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার হ্রদের পানি ছাড়ার জন্য জলকপাট উন্মুক্ত করা হলো।
এনএন/ ৩০ আগস্ট ২০২৬









