বর্ণবাদী আচরণের অভিযোগে আইশোস্পিডের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

ওয়াশিংটন, ৮ জুলাই – বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ চলাকালীন আমেরিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডেরেন জেসন ওয়াটকিন্স জুনিয়র ওরফে আইশোস্পিড এবং এক সমর্থকের মধ্যে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। জনপ্রিয় এই ইউটিউবার ও অনলাইন পারফর্মার আইশোস্পিড বর্তমান বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে লাইভ স্ট্রিম করে আলোচনার কেন্দ্রে রয়েছেন।
ইউটিউবে ৫৭ মিলিয়ন এবং টিকটকে ৫৩ মিলিয়ন অনুসারী থাকা এই ইনফ্লুয়েন্সারের কিছু সম্প্রচারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং কিংবদন্তি ফুটবলার ইব্রাহিমোভিচকেও দেখা গেছে। অভিযোগ উঠেছে যে, কেপ ভার্দের জার্সি পরে গ্যালারিতে থাকা আইশোস্পিড আর্জেন্টিনার এক সমর্থকের সাথে তর্কে জড়িয়ে পড়েন।
মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ঘটা এই ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে ফিফা। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ হলো ঐক্য ও বৈচিত্র্যের এক উৎসব যা সারা বিশ্বের মানুষকে একত্রিত করে। এই মূল্যবোধের পরিপন্থী যেকোনো আচরণের কঠোর সমালোচনা করেছে সংস্থাটি।
অন্যদিকে, কয়েক দিন আগেই ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে প্যারাগুয়ের এক সিনেটরের বর্ণবাদী মন্তব্যের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই সিনেটর এমবাপ্পের বংশপরিচয় নিয়ে কটূক্তি করায় ফরাসি ফুটবল ফেডারেশন আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
এস এম/ ৮ জুলাই ২০২৬









