হরমুজ প্রণালি অঞ্চলে শক্তিশালী বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হুঁশিয়ারি

তেহরান, ৮ জুলাই – হরমুজ প্রণালি অঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে শক্তিশালী হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরপরই এই ঘটনাগুলো ঘটে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।
আইআরআইবি এর তথ্য অনুযায়ী,
ইরানের কেশম দ্বীপে ৬টি, সিরিক শহরে ৭টি এবং বন্দর শহর আব্বাসে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। এই হামলার পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তাদের অভিযোগ, মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে হওয়া সমঝোতা যুক্তরাষ্ট্র বারবার লঙ্ঘন করছে।
লেবাননে চলমান আগ্রাসন ও অন্যান্য হুমকির বিষয়টি উল্লেখ করে তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের চুক্তি ভঙ্গের পরিণাম অত্যন্ত গুরুতর হতে পারে। জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় ইরান চূড়ান্ত পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি তেলের ট্যাংকারে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর দেওয়া সাময়িক নিষেধাজ্ঞার ছাড় বাতিল করে। এই উত্তেজনার মধ্যেই তেহরানের ওপর বাড়তি চাপ তৈরি করতে ওয়াশিংটন এসব পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে,
ওমান উপকূলে একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু দিয়ে আঘাত করা হয়েছে এবং অন্তত একটিতে ড্রোন হামলা হয়েছে। ওমান বিকল্প নিরাপদ পথ তৈরির প্রস্তাব দিলেও ইরান তা নাকচ করে দেয়। মূলত ট্রানজিট ফি আদায়ের বিষয়ে অনড় থাকার কারণেই ইরান এই বিরোধিতা করছে।
এস এম/ ৮ জুলাই ২০২৬









