উত্তর আমেরিকা

হরমুজ প্রণালিতে উত্তেজনার জেরে ইরানের তেলের ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা

ওয়াশিংটন, ৮ জুলাই – হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার প্রেক্ষাপটে ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গত মঙ্গলবার এই সিদ্ধান্ত কার্যকর করার পাশাপাশি তেহরানকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে।

মার্কিন এক কর্মকর্তা জানান যে বাণিজ্যিক জাহাজে ইরানের এ ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে যে এই নতুন নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য যে পূর্বে দুই দেশের সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল বিক্রির অনুমতি দিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সময়সীমা কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে দেশটির বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী গত মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ওই দিন রাতেই ইরানের বিভিন্ন কৌশলগত অবস্থানে শক্তিশালী পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

এস এম/ ৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language