দক্ষিণ এশিয়া

ভয়ংকর ঘূর্ণিঝড় ‘নিভার’ আঘাত হানছে ভারতে

নয়াদিল্লি, ২৪ নভেম্বর- ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। আবহাওয়া দপ্তরের দেওয়া খবর অনুযায়ী, ২৫ নভেম্বর তামিলনাড়ুর মমল্লপুরম এবং পুদুচেরির কারাইকলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০টি দল তৈরি করা হয়েছে ৷

এই ঘূর্ণিঝড় মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ৷ এনডিআরএফের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ১২টি দলকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে আর ১৮টি দল অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে মোতায়েন করার জন্য তৈরি রয়েছে ৷

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করার পাশাপাশি উদ্ধার কাজের জন্য এনডিআরএফ মোতায়েন করা হয়েছে৷ একেক দলে প্রায় ৩৫ থেকে ৪৫ জন থাকে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে ৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে যা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে এগিয়ে যাবে ৷ এরই মধ্যে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে ৷ ২৪ ও ২৫ নভেম্বর অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

সরকারের তরফ থেকে ২৫ নভেম্বর জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশেও ঘূর্ণিঝড়ের মোকাবিলায় জোরেশোরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/২৪ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language