ভ্যাকসিনের খবরে শেয়ারবাজারের উত্থান

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার তৈরি ভ্যাকসিন কোভিড-১৯’র বিরুদ্ধে ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর বলে সোমবার (১৬ নভেম্বর) খবর প্রকাশের পরপরই বাড়তে থাকে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের সূচক।
খবর ছড়িয়ে পড়ার পরই মডার্নার শেয়ারের দাম বাড়ে ৯ শতাংশ। এটি মার্কিন পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বৃদ্ধির নতুন রেকর্ড।
ব্রিটিশ এয়ারওয়াজের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক এয়ারলাইন্স গ্রুপের শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ আর ১৩ দশমিক ৫ শতাংশ বাড়ে ব্রিটিশ সিনেমা কোম্পানি সিনেওয়ার্ল্ডের শেয়ারের দাম।
মার্কিন শেয়ারবাজারের ডও জন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। এসঅ্যান্ডপি-৫০০ সূচক বেড়েছে ১ দশমিক ২ শতাংশ ও নাসডাক বেড়েছে দশমিক ৮ শতাংশ। শুক্রবারও (১৩ নভেম্বর) সূচক বৃদ্ধির রেকর্ড হয়েছিল। কারণ, তার আগে মার্কিন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োনটেক জানিয়েছিল তাদের উৎপাদিত ভ্যাকসিন করোনাভাইরাসের বিরুদ্ধে ৯০ ভাগ কার্যকর।
যুক্তরাজ্যের শেয়ারবাজারের সূচক এফটিএসই-১০০’ও সর্বশেষ লেনদেনে বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ, প্যারিসের শেয়ারবাজার বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ ও জার্মানির শেয়ারবাজারের উত্থান হয়েছে দশমিক ৫ শতাংশ।
সোমবার (১৬ নভেম্বর) মডার্না জানায়, তাদের ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের বড় কোনো স্বাস্থ্যঝুঁকি দেখা যায়নি। ট্রায়ালে ৩০ হাজার স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিল এবং তারা ভ্যাকসিনের ২টি ডোজ নিয়েছে। ফলাফলে দেখা গেছে, ভ্যাকসিনটি করোনা প্রতিরোধে ৯৪ দশমিক ৫ ভাগ কার্যকর। তবে, মর্ডানার এই টিকা নেয়ার পর কত দিন কার্যকারিতা থাকবে এ বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ১৭ নভেম্বর









