দুঃসময়ে চলচ্চিত্রকে আগলে রেখেছিলেন মান্না ভাই : শাকিব

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – ১৪ বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মান্না। তার অকাল প্রয়াণে স্তব্ধ হয়ে গিয়েছিলো পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। আজ তার ১৪তম মৃতুবার্ষিকী। এদিনে মান্নার সহকর্মী, ভক্ত-অনুরাগীরা তাকে স্মরণ করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন নানা মাধ্যমে।
মান্নার সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন বর্তমান সময়ের ঢালিউড সুপারস্টার শাকিব খান। মান্নার ১৪তম মৃত্যুবার্ষিকীতে শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাকে নিয়ে একটি স্ট্যাটাস লিখেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার সৌভাগ্য স্ট্রাগল পিরিয়ডে কয়েকটি চলচ্চিত্রে এই মানুষটার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। ভীষণ মিস করি প্রিয় মান্না ভাইকে। ১৪ বছর দৃশ্যমান না থেকেও মান্না ভাই সবসময় আছেন আমার শ্রদ্ধা ও ভালোবাসার স্থানে। আপনার রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় মান্না ভাই, যেখানেই থাকুন শান্তিতে থাকুন।
শাকিব আরও লিখেন, ‘চলচ্চিত্রের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন মান্না ভাই। একেবারেই আনপ্যারালাল। তার প্রতিটি কাজে ছিল আলাদা সিগনেচার। ইন্ডাস্ট্রির ভালোর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। অশ্লীলতা যখন চরমে, সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে সরে গিয়েছিলেন; তখনও হাল ছাড়েননি মান্না ভাই। দুঃসময়ে চলচ্চিত্রকে আগলে রেখেছিলেন। সে সময় উপহার দিয়েছেন জনপ্রিয় সব চলচ্চিত্র। দর্শকদের করেছিলেন হলমুখী।’
কাজী হায়াৎ পরিচালিত ‘পাগলী’ সিনেমার মাধ্যমে ১৯৮৫ মান্নার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও মান্না নায়ক হিসেবে সফলতা পান ১৯৯১ সালে মুক্তি প্রাপ্ত ‘কাশেম মালার প্রেম’ সিনেমা দিয়ে। মান্নার অনান্য জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে- লুটতরাজ, তেজী, আব্বাজান, বীর সৈনিক, শান্ত কেনো মাস্তান, বসিরা, খল নায়ক, রংবাজ বাদশা, সুলতান, ভাইয়া, টপ সম্রাট, চাঁদাবাজ, ঢাকাইয়া মাস্তান, মাস্তানের উপর মাস্তান, বিগবস, মান্না ভাই, টপ টেরর, জনতার বাদশা, রাজপথের রাজা, এতিম রাজা, টোকাই রংবাজ, ভিলেন, নায়ক, সন্ত্রাসী মুন্না, জুম্মান কসাই, আমি জেল থেকে বলছি, কাবুলিওয়ালা ইত্যাদি।
এন এইচ, ১৮ ফেব্রুয়ারি









