পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তার বদলি

ঢাকা, ৩ জুন – বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নয়জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
গত মঙ্গলবার পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হককে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানকে গাজীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে।
খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে বদলি করা হয়েছে। এছাড়া হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সীকে নৌ পুলিশে এবং গাজীপুর মহানগর পুলিশের রবিউল ইসলাম ও অমৃত সূত্রধরকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে র্যাবে কর্মরত মো. আমিরুজ্জামানকে স্পেশাল ব্রাঞ্চে এবং গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. দ্বীন ই আলকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে যে কর্মকর্তাদের আগামী ১৫ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায় ১৬ জুন থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
এস এম/ ৩ জুন ২০২৬









