জাতীয়

মিরপুরে বৃদ্ধার লাশ উদ্ধার: প্রবীণদের সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের তাগিদ ড. শামারুহ মির্জার

ঢাকা, ৩ জুন – রাজধানীর মিরপুরে এক বৃদ্ধা নারীর পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দেশে প্রবীণ নাগরিকদের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ড. শামারুহ মির্জা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, একজন মায়ের এই করুণ পরিণতি শুধু একটি পরিবারের ব্যর্থতা নয়, বরং এটি সমাজ ও রাষ্ট্রের প্রবীণ সেবা ব্যবস্থার সীমাবদ্ধতাকেও প্রকাশ করে।

ড. শামারুহ মনে করেন, প্রবীণদের কল্যাণে বাংলাদেশে দীর্ঘমেয়াদি এবং কার্যকর পরিকল্পনার প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন যে জনস্বাস্থ্য নিয়ে নানা আলোচনা হলেও বয়স্ক নাগরিকদের জীবনমান উন্নয়নে কাঙ্ক্ষিত উদ্যোগগুলো এখনও দৃশ্যমান নয়। তার মতে, অধিকাংশ প্রবীণ নিজ বাড়িতে থেকেই জীবন কাটাতে পছন্দ করেন।

তাই বাড়িভিত্তিক পরিচর্যা, স্বাস্থ্যসেবা, খাবার সরবরাহ এবং চলাচলে সহায়তার মতো সেবাগুলো দ্রুত সম্প্রসারণ করা জরুরি। এ ছাড়া প্রবীণদের অধিকার সুরক্ষায় আরও শক্তিশালী আইন প্রণয়ন, বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা এবং প্রশিক্ষিত পরিচর্যাকারী তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সামাজিক একাকিত্ব দূর করতে কমিউনিটিভিত্তিক কার্যক্রম চালুর পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে তাদের স্বাস্থ্য, আবাসন এবং সামাজিক চাহিদা সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করে গবেষণাভিত্তিক নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি।

শামারুহ মির্জা উপজেলা পর্যায়ে প্রবীণ সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বে সেবার পরিধি বাড়ানোর প্রস্তাব দেন। তিনি আরও বলেন, বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে বাবা মায়ের সেবা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিবারের সদস্যরা সাধ্যমতো পাশে থাকবেন এটাই কাম্য।

তবে বাস্তবতার কারণে অনেক ক্ষেত্রে সেই দায়িত্ব পালন সম্ভব না হলে রাষ্ট্রীয় ও সামাজিক সহায়তা কাঠামো শক্তিশালী হওয়া আবশ্যক। পরিশেষে তিনি মন্তব্য করেন যে এই করুণ ঘটনাটি ভবিষ্যতে প্রবীণ নাগরিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি নতুন করে স্মরণ করিয়ে দেয়।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language