জাতীয়

জ্বালানি সাশ্রয়ে সরকারি সভায় ভার্চুয়াল অংশগ্রহণের নতুন নির্দেশনা

ঢাকা, ৩ জুন – জ্বালানি তেলের ব্যবহার কমাতে ও সাশ্রয় নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে সরকারি বিভিন্ন সভা, কর্মশালা এবং প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে,

বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতির অস্থিরতা বিবেচনা করে তেলের সাশ্রয় নিশ্চিত করা এবং সরকারি কার্যক্রম আরও গতিশীল রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয় যে, মন্ত্রণালয় ও বিভাগগুলোর আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের সশরীরে উপস্থিতির বদলে ভার্চুয়াল মাধ্যমকে অগ্রাধিকার দিতে হবে।

একইভাবে বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা থেকে এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা পর্যায় থেকে কর্মকর্তাদের অনলাইনে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

তবে বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে সশরীরে সভা বা প্রশিক্ষণের আয়োজন করতে পারবে। এই নতুন নির্দেশনা কার্যকরের পাশাপাশি গত ১২ এপ্রিল জারি করা পূর্বের নির্দেশনাটি বাতিল করা হয়েছে।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language