বলিউড

নভেম্বরেই বিয়ে, কোথায় বসছে রাজকুমার-পত্রলেখার বিয়ের আসর?

মুম্বাই, ০৮ নভেম্বর – বিয়ে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। পাত্রী অন্য কেউ নন, তার প্রেমিকা পত্রলেখা। আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর সাতপাকে বাঁধা পড়বেন এই যুগল।

বলিউড ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠজনদের কাছে তাদের বিয়ের নিমন্ত্রণপত্র পৌঁছে গেছে। কিন্তু কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তা ছিল অজানা। এবার জানা গেলো, রাজস্থানের জয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন রাজকুমার-পত্রলেখা।

এ অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র পিঙ্ক ভিলাকে বলেন—‘রাজস্থানের জয়পুরের ট্র্যাডিশনাল রীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অতিথি আমন্ত্রণের কাজও শেষ হয়েছে এবং প্রস্তুতি পুরোদমে চলছে। পত্রলেখা-রাজকুমারের কাছের বন্ধু-বান্ধব এবং তাদের আত্মীয়-স্বজনেরা বিয়েতে উপস্থিত থাকবেন।’

প্রায় দশ বছর ধরে অভিনেত্রী পত্রলেখার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রাজকুমার। লিভ টুগেদার করছেন তারা। রাজকুমারের সঙ্গে প্রথম দেখা প্রসঙ্গে পত্রলেখা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি তাকে সিনেমার পর্দাতেই প্রথম দেখি। এলএসডি সিনেমাতে। সেখানে এক অদ্ভুত চরিত্রে অভিনয় করেছিল সে। আমি ভেবেছিলাম ব্যক্তিগত জীবনেও ও হয়তো এমনটাই।’

অন্যদিকে এক বিজ্ঞাপনে পত্রলেখাকে প্রথম দেখেন রাজকুমার। প্রথম দেখেই এই অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি।

২০১৪ সালে ‘সিটিলাইটস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পত্রলেখা। প্রথম সিনেমার জন্য স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এছাড়া ‘লাভ গেমস’, ‘নানু কি জানু’ সিনেমায় দেখা গেছে তাকে।

রাজকুমার ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এরপর ‘গ্যাং অব ওয়াসিপুর’, ‘কাই পো চে’, ‘শহিদ’, ‘আলীগড়’, ‘বেরেইলি কি বারফি’, ‘নিউটন’, ‘স্ত্রী’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত তিনি।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৮ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language