আইন-আদালত

পীর সিন্ডিকেটের গায়েবি মামলায় রিট হাইকোর্টে চলবে

 

 

ঢাকা, ০৭ নভেম্বর – একরামুল আহসান কাঞ্চন নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাজারবাগ পীর সিন্ডিকেটের দায়ের করা ৪৯ মামলার বাদীদের খুঁজতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে হাইকোর্টে কাঞ্চনের রিট মামলা চলতে বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবী এমদাদুল হক বশির।

রোববার রিভিউ আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন চার সদস্যের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

আসামি কাঞ্চনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন সগীর হোসেন লিয়ন ও এমদাদুল হক বশির। রাষ্ট্রপক্ষে ছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এমকে রহমান।

গত ২৮ অক্টোবর এ মামলার রিভিউ শুনানি থেকে সরে যান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গত ১৯ অক্টোবর ৪৯ মামলার বাদীদের খুঁজতে হাইকোর্টের আদেশ স্থগিতের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনার) আবেদন নিয়মিত বেঞ্চে পাঠান বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত। আইনজীবী এমাদুল হক বশির জানান, গত ৭ অক্টোবর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একরামুল আহসান কাঞ্চনের পক্ষে তার আইনজীবী এ রিভিউ আবেদন করেন।

এর আগে এক রিট আবেদনের প্রেক্ষিতে একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলার নেপথ্যে রাজারবাগের পীর দিল্লুর রহমানের মুরিদদের নাম উঠে আসে। হাইকোর্টের নির্দেশনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়। ওই প্রতিবেদনের ওপর এখনো শুনানি হয়নি হাইকোর্টে।

এরপর অন্তর্বর্তীকালীন আদেশটি স্থগিত হয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। রিট আবেদনকারী কাঞ্চনের বিরুদ্ধে চলমান সব মামলার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদেশটি স্থগিত করা হয়। পরে রিভিউ আবেদন করা হয় কাঞ্চনের পক্ষ থেকে।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৭ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language