দক্ষিণ এশিয়া

৩০ লাখ স্পুটনিক ভি ভ্যাকসিন পৌঁছাল ভারতে

হায়দরাবাদ , ০৩ জুন – রাশিয়া থেকে ভারতে পৌঁছেছে ৩০ লাখ স্পুটনিক ভি ভ্যাকসিন। মঙ্গলবার হায়দরাবাদ পৌঁছায় এসব ভ্যাকসিন বহনকারী বিশেষ চাটার্ড বিমান আরইউ-৯৪৫০।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। এই টিকা সংরক্ষণে বিশেষ আবহাওয়া প্রয়োজন। মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয় এটি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত দুই কোটি ৮৩ লাখেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন লাখ ৩৫ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মহামারির জেরে বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতিও। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ভারতের অর্থনীতি ৭ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। গত ৪০ বছরেরও বেশি সময়ে দেশটির অর্থনীতিতে এমন খারাপ অবস্থা আর দেখা যায়নি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১ দশমিক ৬ শতাংশ আর্থিক বৃদ্ধির সাক্ষী ছিল ভারত। যা পূর্ববর্তী ত্রৈমাসিকের থেকে ০ দশমিক ৫ শতাংশ বেশি। সেই সময় সদ্য লকডাউন কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছিল দৈনন্দিন গতিবিধি। অর্থাৎ ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে চতুর্থ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হয়েছিল। তারপর অবশ্য করোনার দ্বিতীয় ঢেউয়ে অর্থনীতির সেই ঊর্ধ্বমুখী প্রবণতা ধাক্কা খেয়েছে।

মুখ্য অর্থনীতি উপদেষ্টা কে ভি সুব্রমনিয়ান বলেন, ‘অর্থনীতির যে গতি এসেছিল, তা দ্বিতীয় ঢেউয়ের কারণে ধাক্কা খেয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। পুরো বছরে (২০২০-২১ অর্থবর্ষ) অর্থনীতি ৭ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে।’

উদ্ভূত পরিস্থিতিতে টিকাদান কর্মসূচির ওপর জোর দিয়েছে ভারত। দেশে উৎপাদিত ভ্যাকসিনের বাইরে বিদেশ থেকেও টিকা সংগ্রহ করছে দেশটি।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৩ জুন


Back to top button
🌐 Read in Your Language