কুতুবদিয়ায় গ্যারেজে ভয়াবহ আগুন: ২৭টি ইলেকট্রিক গাড়ি ভস্মীভূত

কক্সবাজার, ১ মে – কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় একটি বৈদ্যুতিক গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের হায়দার আলী মিয়াজীর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নেজাম কোম্পানির মালিকানাধীন বিটেক গাড়ির পার্কিং গ্যারেজে লাগা এই আগুনে অন্তত ২৭টি ইলেকট্রিক গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, ভোরবেলা পার্কিংয়ে থাকা একটি গাড়িতে চার্জ দেওয়ার সময় সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে এবং পার্কিংয়ে থাকা একের পর এক গাড়ি জ্বলতে শুরু করে। এতে স্বল্প সময়ের মধ্যে পুরো গ্যারেজটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই দুর্ঘটনায় আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এস এম/ ১ মে ২০২৬









