কক্সবাজারে ভারী বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, পানিবন্দি কয়েকশ পরিবার

কক্সবাজার, ৭ জুলাই – টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির সাথে পাহাড় থেকে নেমে আসা ঢল এবং নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়ার খবর পাওয়া গেছে।
সাগর উত্তাল থাকায় টেকনাফ থেকে সেন্ট মার্টিন এবং কক্সবাজার থেকে মহেশখালী ও কুতুবদিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির কারণে শহরের নিচু এলাকাগুলোতে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় জরুরি সভা করা হয়েছে। জেলা প্রশাসক মো. আ. মান্নান ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
পাহাড়ি ঢল ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রামু ও চকরিয়া উপজেলার অন্তত ২০টি ইউনিয়নে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া কুতুবদিয়ায় একটি জরাজীর্ণ সেতু ধসে পড়ে ১০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে কয়েকশ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ চলছে। পর্যটন এলাকা হিসেবে পরিচিত কলাতলী ও সুগন্ধা পয়েন্টের সড়কগুলোও পানিতে তলিয়ে যাওয়ায় পর্যটকদের চলাচলে ভোগান্তি হচ্ছে।
এস এম/ ৭ জুলাই ২০২৬









