কক্সবাজার

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধস ও বন্যায় নিহত ১০, ক্ষতিগ্রস্ত ১৬ হাজার

কক্সবাজার, ৮ জুলাই – টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা বা ইউএনএইচসিআর জানিয়েছে, গত কয়েক দিনের দুর্যোগে অন্তত ১০ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে এবং প্রায় ১৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সংস্থাটির বিশেষ প্রতিবেদন অনুযায়ী, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে তিন হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্যমতে, বায়ুচাপের পার্থক্যের কারণে সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পাহাড় সংলগ্ন এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে উখিয়ার ক্যাম্প ৯ থেকে ১৫ পর্যন্ত এলাকাগুলো বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেখানে প্রায় দেড় লাখ মানুষ বসবাস করছেন।

ইউএনএইচসিআরের দৈনিক তথ্যচিত্র অনুযায়ী, ৪ জুলাই থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১৬০টি দুর্যোগজনিত ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৫২টি ভূমিধস, ১৪টি বন্যা এবং ৮৩টি ঝড়ের ঘটনা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ১ হাজার ৬ শতাধিক আশ্রয়কেন্দ্র আংশিক এবং ১০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ৪৮৯টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং মানবিক সংস্থাগুলো জরুরি উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। তবে বৃষ্টির ধারা অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এস এম/ ৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language