কক্সবাজার

কক্সবাজারে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত; এইচএসসি পরীক্ষা স্থগিত, সতর্ক থাকতে মাইকিং

কক্সবাজার, ৮ জুলাই – টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার অন্তত ২০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন জেলার প্রায় লক্ষাধিক মানুষ। বিশেষ করে চকরিয়া উপজেলার কাকারা, কৈয়ারবিল, লক্ষারচর ও ফাশিয়াখালী ইউনিয়ন এবং রামু উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া ও রাজারকুলসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে।

বর্তমানে মাতামুহুরি ও বাকখালী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বৃষ্টির প্রভাবে চট্টগ্রামের ষোলোশহর, বোয়ালখালী ও পটিয়া এলাকায় রেল লাইনের ওপর দিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হওয়ায় কক্সবাজারের সাথে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে বুধবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে অতিবৃষ্টির ফলে পাহাড় ধসের আশঙ্কা বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী দুইদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে এবং দুর্যোগপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এস এম/ ৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language