ক্রিকেট

প্রিমিয়ার লিগে মাশরাফীর খেলা নিয়ে অনিশ্চয়তা

৩০ মে, ২০২১-সংস্করণ বদলে নতুন আঙ্গিকে সোমবার থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমের খেলা। টি-টুয়েন্টি আসরটিতে এখনো অনিশ্চিত মাশরাফী বিন মোর্ত্তজার মাঠে নামা।

ম্যাচের আগেরদিন মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অনুশীলনে দেখা যায়নি জাতীয় দলের সাবেক অধিনায়ককে। এবারের আসরে মাশরাফী আদৌ খেলবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, তিনিও নিশ্চিত নন নড়াইল এক্সপ্রেস খেলবেন কিনা! খেললেও কোন রাউন্ড থেকে শুরু করবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই তার কাছে।

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ছাড়া কোনো ফরম্যাট থেকেই অবসরের সিদ্ধান্ত নেননি মাশরাফী। গত বছর ওয়ানডের নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নেন। অনেকটা নিয়মিতই খেলে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেটে।

গত বছরের মার্চে জাতীয় দলের ওয়ানডে নেতৃত্ব ছাড়ার পর খানিক বিরতি নিয়ে নভেম্বরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শেষের কয়েকটি ম্যাচ খেলেন টাইগার পেসার। নেমেই বাজিমাত করেন ৫ উইকেট তুলে নিয়ে।

করোনার কারণে ২০২০ সালের মার্চে এক রাউন্ড খেলা হওয়ার পর ঢাকা লিগ বন্ধ হয়ে যায়। প্রথম রাউন্ডে খেলেছিলেন মাশরাফী। কিছুদিন ধরে তিনি ব্যস্ত সময় পার করছেন সংসদীয় আসন নড়াইল-২ নিয়ে।

এবার স্থগিত হওয়া লিগ আয়োজন করা হচ্ছে বলে দলবদলের প্রয়োজন হয়নি। কেবল ওয়ানডে আসরটি হয়ে যাচ্ছে টি-টুয়েন্টি।

নিষেধাজ্ঞার কারণে গতবার দলভুক্ত হতে পারেননি সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় টাইগার অলরাউন্ডারের টি-টুয়েন্টি আসরে খেলার সুযোগ হচ্ছে। সাকিবকে দলে টেনেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অধিনায়কের দায়িত্বও দেয়া হয়েছে তাকে।

সূত্র: চ্যানেল আই অনলাইন

এস সি/৩০মে,২০২১

Back to top button
🌐 Read in Your Language