নোয়াখালী

ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন কাদের মির্জা

নোয়াখালী, ৩০ মে – নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। শনিবার রাত ন’টায় তার সহযোগী স্বপন মাহমুদের ফেসবুক থেকে লাইভে এসে কাদের মির্জা এ আল্টিমেটাম দেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিপক্ষের গুলিতে তার ৬ জন অনুসারী গুলিবিদ্ধ হন।

লাইভে কাদের মির্জা বলেন, আমি গত কয়েকদিন আগে আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে দেখা করেছি। তারপর থেকে এখানকার প্রশাসন আমার বিরুদ্ধে লেগেছে। এখানকার ওসি, ইউএনও, এসি ল্যান্ড ও এডিশনাল এসপি শামিম ষড়যন্ত্র করে আমার পরিবারকে রাজনীতি থেকে সরাতে চায়। তারা আমার ভাই ওবায়দুল কাদের সাহেবকে, আমাকে ও আমার পরিবারকে সরিয়ে একরামের রাজত্ব কায়েম করতে চায়।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, প্রশাসনের ছত্রছায়ায় আমার ছেলেদের গুলি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (এএসপি) সামিম কবির, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সব কিছুর দায়দায়িত্ব আপনাকেই (ওবায়দুল কাদের) বহন করতে হবে।

তিনি আরো বলেন, গতকাল পুরো বসুরহাটে মিছিল হয়েছে তাতে কেউ কোনো শব্দও করে নাই। কিন্তু আজ সন্ধ্যায় ইউএনও, ওসি, এসি ল্যান্ড ও এডিশনাল এসপি শামিমের সামনে বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা আমার পৌরসভার ৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করেন। এতে আমার ১৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। ওসি এবং এডিশনাল এসপি শামিম সেখানে উপস্থিত ছিল। আর ইউএনও এবং এসি ল্যান্ড তখন উপজেলা অফিসে উপস্থিত ছিলেন। আমার একটা ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ গোলাগুলি হয়েছে। তবে কতজন গুলিবিদ্ধ হয়েছে তা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। ওই পৌরসভায় দ্বিতীয় মেয়াদে গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩০ মে


Back to top button
🌐 Read in Your Language