ঝিনাইদহ

চেয়ারম্যানকে ছাত্রলীগের হাতুড়িপেটা

ঝিনাইদহ, ২৪ মে– ঝিনাইদহের কোটচাঁদপুরে ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ কর্মীদের হামলায় আওয়ামী লীগ নেতা ও বলুহর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন আহত হয়েছেন। এ সময় পাল্টাপাল্টি হামলায় আরো দুইজন আহত হন।

সোমবার দুপুরে ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ ভবনে ঢুকে এলোপাতাড়িভাবে হাতুড়িপেটা করে মতিনকে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কোটাচঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের তত্ত্বাবধানে করা একটি রাস্তার নির্মাণকাজ নিয়ে ফেসবুক আইডিতে বিরূপ মন্তব্য করেন কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক লিমন। ফেসবুকে বাবার বিরুদ্ধে বাজে কথা লেখা দেখে প্রতিবাদ করেন চেয়ারম্যানের ছেলে হৃদয়।

এ নিয়ে সোমবার সকালে কোটচাঁদপুরের মেইন বাস্ট্যান্ডে লিমনের সাথে তর্কবিতর্কে লিপ্ত হয় হৃদয়। এক পর্যায়ে দুপুরে কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক লিমন, পৌর ছাত্রলীগের সভাপতি আল আমিন ও জাহাঙ্গীর দলবল নিয়ে বলুহর গ্রামে গিয়ে ইউনিয়ন পরিষদে অতর্কিত হামলা চালায়।

দাপ্তরিক কাজে ব্যস্ত থাকা চেয়ারম্যান আব্দুল মতিন বিষয়টি প্রথমে খেয়াল করেননি। এই সুযোগে হামলাকারীরা হাতুড়িপেটা করে চেয়ারম্যানের মাথা ফাটিয়ে দেয়।

খবর পেয়ে চেয়ারম্যানের ছেলে হৃদয় ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীর ও লিমনের দুই সহযোগীকে পিটিয়ে আহত করে। লিমন হোসেনের পাল্টা হামলায় চেয়ারম্যানের ছেলে হৃদয়ও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে লিমন হোসেন ও জাহাঙ্গীর আলমকে আটক করেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এন / ২৪ মে


Back to top button
🌐 Read in Your Language