ঝিনাইদহ

ঝিনাইদহে চরম উত্তেজনা, সংবাদ সম্মেলনের ঠিক আগেই এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

ঝিনাইদহ , ২৪ মে – ঝিনাইদহ শহরে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, সুনির্দিষ্ট মামলায় আসামি থাকায় তাকে আইনগত প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার সন্ধ্যায় শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন এনসিপি নেতা তারেক রেজা। কিন্তু তিনি মিলনায়তনের মূল ফটকের সামনে পৌঁছানো মাত্রই আগে থেকে ওঁত পেতে থাকা পুলিশ ও গোয়েন্দারা তাকে ঘিরে ফেলে।

গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান ছাড়াও সাদা পোশাকের পুলিশ, পুলিশের বিশেষ টিম (ডিবি) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সেখান থেকেই তাকে সরাসরি থানায় নিয়ে যাওয়া হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গতকাল শনিবার (২৩ মে) এনসিপি নেতা তারেক রেজাসহ বেশ কয়েকজনের নামে একটি মামলা দায়ের করা হয়। ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত ওই মামলার পরিপ্রেক্ষিতেই আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান চলমান রয়েছে।

এই ঘটনার সূত্রপাত গত ২২ মে (শুক্রবার)। ওই দিন ঝিনাইদহ সফরে এসেছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সাথে এনসিপি নেতাকর্মীদের তুমুল হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওই ঘটনার পর এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন। এর ঠিক পরদিনই (শনিবার) পাল্টা আঘাত হিসেবে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির বাদী হয়ে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা ঠুকে দেন। আর সেই পাল্টা মামলাতেই আজ গ্রেপ্তার হলেন তারেক রেজা।

এই ঘটনার পর থেকে ঝিনাইদহ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনএন/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language