চলাচলে ‘কঠোর’ বিধিনিষেধ আরোপ পশ্চিমবঙ্গে

কলকাতা, ৩০ এপ্রিল– বিধানসভা নির্বাচন শেষ হতেই কঠোর বিধিনিষেধ আরোপ করল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। শুক্রবার সন্ধ্যা থেকেই অনির্দিষ্ট কালের জন্য সিনেমা হল, শপিংমল, বিউটি পার্লার, রেস্তরাঁ, বার, ক্রীড়াঙ্গন, জিম, স্পা এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ওষুধ বা মুদির দোকান খোলা থাকলেও অন্য দোকানপাট এবং বাজার সকাল-বিকেলে কিছু সময়ের জন্য খোলা রাখা যাবে। সামাজিক এবং সাংস্কৃতিক সব অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।
করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মেনে শুক্রবার সন্ধ্যায় এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। এই নির্দেশের অন্যথা হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের ধারণা, ভোট শেষ হতেই যেভাবে কড়া পদক্ষেপ নেয়া হল, তাতে ২ মে ফলাফলের পর রাজ্য আরও বেশি কড়াকড়ি আরোপ করবে। প্রয়োজন হলে সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য নাইট কার্ফুও জারি করা হতে পারে।
নির্দেশনা অনুযায়ী, বাজার-হাট শুধুমাত্র খোলা থাকবে সকালে ৭টা থেকে ১০ পর্যন্ত এবং বিকেলে ৩টে থেকে ৫ টা। যদিও ওষুধের দোকান এবং মুদির দোকানের মতো জরুরি পরিষেবা এই নির্দেশিকার আওতার বাইরে থাকছে।
ভোটগণনা এবং ফল প্রকাশের পর সব মিছিল ও বিজয়োৎসবের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা মানার কথা বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
সূত্র : দেশ রূপান্তর
এম এন / ৩০ এপ্রিল









