মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা ইরানের

তেহরান, ২৯ আগস্ট – ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। সম্প্রতি আয়োজিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
আরাঘচি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ হামলা মোকাবিলায় ইরান তার শক্ত অবস্থান বজায় রাখবে।
মিসরের সাথে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন কায়রো যখনই চাইবে তখনই তেহরান কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন যে মিসরীয় পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত এলে ইরান একে স্বাগত জানাবে।
অন্যদিকে লেবাননের বিষয়ে তিনি বলেন ইরান দেশটির সরকার ও সব রাজনৈতিক পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে এ সময় তিনি লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে আরও যৌক্তিকতা প্রত্যাশা করেন যদিও বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
আরব দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি নিয়ে আরাঘচি জানান তারা কখনোই কোনো মুসলিম বা প্রতিবেশী দেশে হামলা চালায়নি। বরং সেসব দেশে থাকা মার্কিন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে আগেভাগেই সতর্ক করা হয়েছিল বলে তিনি দাবি করেন।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই এ অঞ্চলে এক ধরনের রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
এনএন/ ২৯ আগস্ট ২০২৬









