জাতীয়

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

ঢাকা, ২৯ আগস্ট – রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে এক প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়া জেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রনজিনা পারভীন চিকিৎসার প্রয়োজনে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন। রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত ইসলামিয়া চক্ষু হাসপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তিনি ভোরে গাবতলী বাস টার্মিনালে নামেন। সেখান থেকে রিকশাযোগে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে সজোরে টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে তিনি রিকশা থেকে রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্ত করার কাজ চলছে। অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এনএন/ ২৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language