ক্রিকেট

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তামিম-মিঠুনের উন্নতি

ঢাকা, ২৪ মার্চ – নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে লাল-সবুজের দল। দল ব্যর্থ হলেও একটি সুখবর পেয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাঁর।

প্রথম ওয়ানডেতে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সে ম্যাচে তামিম খুব একটা সাফল্য পাননি। করেছেন মাত্র ১৩ রান। আর দ্বিতীয় ম্যাচে ৭৮ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন এই বাংলাদেশি তারকা।

আরও পড়ুন : সেঞ্চুরির পর বল হাতে চমক দেখালেন নাসির

খবরে জানা গেছে, সাপ্তাহিক আপডেটে কিছুটা এগিয়েছেন তামিম ইকবাল। সঙ্গে এগিয়েছেন মোহাম্মদ মিঠুন। গত ম্যাচে তিনি অপরাজিত ৭৩ রান করেন।

তামিম তিন ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন। আর মুশফিকুর রহিম আছেন ১৭তম স্থানে। আর মিঠুন ১২ ধাপ এগিয়েছেন। তিনি ৯৪ থেকে উঠে এসেছেন ৮২তম স্থানে।

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। আর ১১ নম্বরে আছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। অ্যাডাম জ্যাম্পার সঙ্গে যৌথভাবে ১৪তম স্থানে আছেন সাকিব আল হাসান।

সূত্র : এনটিভি
এন এইচ, ২৪ মার্চ

Back to top button
🌐 Read in Your Language