শৈত্যপ্রবাহের আশঙ্কায় ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি, বাড়তে পারে জ্বালানি বিল

লন্ডন,২৩ নভেম্বর-আগামী কয়েক সপ্তাহে শৈত্যপ্রবাহের পূর্বাভাসের কারণে শীতকালে ইউরোপে গ্যাসের সরবরাহ ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে পরিবারগুলোর জ্বালানি খরচ বেড়ে যেতে পারে।
সোমবার ইউরোপে গ্যাসের দাম দ্রুত বেড়েছে। আগামী চার সপ্তাহের জন্য ইউরোপীয় গ্যাসের দরের মানদণ্ড হিসেবে বিবেচিত ডাচ মান্থ-অ্যাহেড কন্ট্রাক্টের দাম ৮ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বেড়ে ৯৬ দশমিক শূন্য ৮ ইউরোতে পৌঁছায়। যদিও পরে ৪ শতাংশ বেড়ে দাম ৯২ দশমিক ৫০ ইউরোতে স্থির হয়। উত্তর-পশ্চিম ইউরোপের বড় একটি অংশ যখন শীতের তীব্রতা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে, তখন জ্বালানির চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকায় গ্যাসের দামে এই উল্লম্ফন দেখা দিয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কাতার থেকে গ্যাস রপ্তানি কমে যাওয়ায় ইউরোপের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সময় রেফ্রিজারেশন ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রাখতে গ্রীষ্মকালে গ্যাসের ব্যবহার বেড়ে যাওয়ায় সরবরাহের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। ফলে মহাদেশটির গ্যাসের মজুদ স্বাভাবিক মৌসুমি গড়ের তুলনায় অনেক নিচে নেমে এসেছে। সাধারণত এ সময়ে মজুদ প্রায় ৮০ শতাংশ পূর্ণ থাকার কথা থাকলেও বর্তমানে তা প্রায় ৬৯ শতাংশে দাঁড়িয়েছে।
যুক্তরাজ্যে জ্বালানি ব্যবস্থা পরিচালনাকারী সংস্থাগুলো জানিয়েছে, শীতের সবচেয়ে ঠান্ডা মাসগুলোতে চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ দেশটিতে থাকবে। এর পেছনে আমদানি নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি বাজারমূল্য পরিশোধ করার বিষয়টি আংশিকভাবে ভূমিকা রাখছে। তবে এর অর্থ হলো, এ শীতে ব্রিটিশ পরিবারগুলোকে সম্ভবত ইউরোপের সর্বোচ্চ জ্বালানি বিলগুলোর কয়েকটি পরিশোধ করতে হবে।
চলতি সপ্তাহেই জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম জানুয়ারি থেকে তাদের ত্রৈমাসিক মূল্যসীমা ২৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে। এতে গ্যাস ও বিদ্যুৎ উভয় সংযোগ থাকা একটি গড় পরিবারের বার্ষিক বিলে অতিরিক্ত ৪৪৩ পাউন্ড যুক্ত হবে।
দাতব্য সংস্থা সিটিজেনস অ্যাডভাইস জানিয়েছে, তারা জরুরি সহায়তা চাওয়া মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা করছে। সংস্থাটির প্রধান নির্বাহী ক্লেয়ার মরিয়ার্টি বলেন, প্রতিদিনই তাঁদের উপদেষ্টারা এমন মানুষের সঙ্গে কথা বলছেন, যাঁদের বাজেট বছরের পর বছর ধরে চলা ধারাবাহিক সংকটে পুরোপুরি ভেঙে পড়েছে। তিনি বলেন, লাখ লাখ পরিবার বছরের সবচেয়ে শীতল মাসগুলোতে প্রবেশ করছে কোনো সঞ্চয় বা আর্থিক সামর্থ্য অবশিষ্ট না রেখেই।
গত মাসে চ্যান্সেলর জন হিলি তাঁর প্রথম বাজেটে জ্বালানি বিল পরিশোধে সহায়তা হিসেবে কাউন্সিল ট্যাক্স ব্যান্ড এ থেকে ডি-এর আওতাভুক্ত ২ কোটি পরিবারকে ১০০ পাউন্ড করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে মরিয়ার্টি বলেন, বাড়তি এই সহায়তাকে স্বাগত জানানো হলেও যাদের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, তাদের জন্য তা যথেষ্ট হবে না।
ক্লেয়ার মরিয়ার্টি আরও বলেন, অনেক পরিবার দ্রুতই এই অর্থ খরচ করে ফেলবে। ফলে শীত জেঁকে বসার সময়ই তারা আরও গভীর ঋণের ঝুঁকিতে পড়বে অথবা প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবে না। তাঁর ভাষায়, ঠান্ডা আবহাওয়া পুরোপুরি চেপে বসার আগেই সরকারকে পদক্ষেপ নিতে হবে। ওয়ার্ম হোম ডিসকাউন্টের আওতায় লক্ষ্যভিত্তিক বাড়তি সহায়তা এবং প্রিপেইড গ্রাহকদের জন্য জরুরি সহায়তা ক্রেডিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর সহায়তা। এসব ব্যবস্থা এ শীতে পরিবারগুলোকে ঠান্ডা ও অন্ধকারে থাকতে বাধ্য হওয়া থেকে রক্ষা করবে।
ব্রিটিশ গ্যাসের মালিকানা প্রতিষ্ঠান সেন্ট্রিকার প্রধান নির্বাহী ক্রিস ও’শিও জ্বালানি বিলের পূর্বাভাসে এই উল্লম্ফন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, নতুন বছরে যাঁরা বিল পরিশোধ করতে অক্ষম বা অনিচ্ছুক, এমন মানুষের সংখ্যা বাড়বে।
রোববার বিবিসিকে তিনি বলেন, যুক্তরাজ্যে জ্বালানি বিল পরিশোধ না করার বিষয়টি বড় সমস্যায় পরিণত হয়েছে। একদিকে একদল মানুষের বিল দেওয়ার সামর্থ্য নেই, অন্যদিকে ক্রমবর্ধমান সংখ্যক মানুষ নিজেরাই বিল পরিশোধ না করার সিদ্ধান্ত নিচ্ছেন।
এস এম/ ২৩ নভেম্বর ২০২৬







