গোপালগঞ্জ

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

আনসার মোতায়েন

গোপালগঞ্জ,১৭ নভেম্বর-গোপালগঞ্জের রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনশৃঙ্খলা বজায় রাখা, সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকানো এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় তিন জেলায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে গোপালগঞ্জে আট, গাজীপুরে ছয় এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান। তিনি বলেন, কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের স্ট্যাটিক ডিউটিতে রাখা হয়েছে। পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন তারা।

তিনি আরও বলেন, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি ঠেকাতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক নজরদারি চালানো হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব পালনের সময় শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

এস এম/ ১৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language