গোপালগঞ্জ

গোবিপ্রবি গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ, হামলাকারীদের ধরতে অভিযান

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ, ০৮ অক্টোবর-গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়ক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে চলে যায়। এর মধ্যে একটি গেটের বাইরে একটি গাছে লেগে বিস্ফোরিত হয় এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিস্ফোরিত হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে অতিথি হিসেবে গোপালগঞ্জের তিনটি আসনের সাংসদদের উপস্থিত থাকার কথা রয়েছে। কোনো একটি দুষ্কৃতকারী মহল পরিকল্পিতভাবে এই অনুষ্ঠানের আগে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এমন ঘৃণিত সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়েছে। ককটেল হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এই ছাত্রদল নেতা।

ওসি আমিনুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

এস এম/ ০৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language