গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেফতার ৬ জন কারাগারে

গোপালগঞ্জ, ২২ আগস্ট – গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে গ্রেফতারকৃত ছয়জনকে সন্ত্রাস দমন আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শনিবার পুলিশ তাদের আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
এর আগে শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় আয়োজিত একটি মিছিল থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, মাঝিগাতি গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ, এবং চর সোনাকুড় গ্রামের শারাফত শেখের ছেলে মেহেদী হাসান ও রমজান আলীর ছেলে হৃদয় খান।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিতে থাকেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ছয়জনকে আটক করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের অন্য অংশগ্রহণকারীরা দ্রুত পালিয়ে যান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। এই ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ২২ আগস্ট ২০২৬









