ঝিনাইদহ

ইবির শিক্ষার্থীবাহী বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন ৩৫ শিক্ষার্থী

ইবির শিক্ষার্থীবাহী বাস

ঝিনাইদহ,১০ নভেম্বর- ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী দিগন্ত নামের একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। তবে চলন্ত বাসটিকে লক্ষ্য করে ছোড়া বোমাটি সড়কে পড়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বাসে থাকা ৩৫ জন শিক্ষার্থী। এ ঘটনায় কেউ হতাহত না হলেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর এলাকার ড্রাগন বাগানের সামনে এ ঘটনা ঘটে।

বাসে থাকা শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ঝিনাইদহের আরাপপুর থেকে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়েছিল দিগন্ত নামের বাসটি। পথে শৈলকুপার ভাটই বাজার এলাকায় সড়ক নির্মাণকাজ চলায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো দীর্ঘ সময় যানজটে আটকে থাকে। পরে যানজট ছাড়লে অন্য বাসগুলো সামনে এগিয়ে গেলেও দিগন্ত কিছুটা পেছনে পড়ে যায়।

পরে চাঁদপুর এলাকার ড্রাগন বাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা হেলমেট পরা দুই ব্যক্তি বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু ছুড়ে মারেন। তবে বাসটি চলন্ত অবস্থায় থাকায় বস্তুটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কে পড়ে যায়। এ সময় চালক দ্রুত বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।

বাসচালক বোরহান উদ্দিন বলেন, ভাটই বাজার এলাকায় সড়ক নির্মাণকাজের কারণে দীর্ঘ সময় যানজটে আটকে ছিলেন তাঁরা। যানজট ছাড়ার পর বাস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় চাঁদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি আগুনের মতো কিছু একটা ছুড়ে মারেন। সেটি বাসে না লেগে রাস্তায় পড়ে যায়। এরপর দ্রুত বাস নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

বাসে থাকা আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরই সেটি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অল্পের জন্য তাঁরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় বাসের সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সজিব রহমান জানান, মোটরসাইকেলটিতে দুজন আরোহী ছিলেন এবং তাঁদের দুজনের মাথাতেই হেলমেট ছিল। তাঁদের একজন বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়েন। তবে মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের গাড়িতে নাশকতার চেষ্টার ঘটনায় রেজিস্ট্রারকে শৈলকুপা থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ঝিনাইদহ ও কুষ্টিয়ার পুলিশ সুপারদের বিষয়টি জানানো হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাশকতার আশঙ্কায় মহাসড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি আরও বলেন, নিষিদ্ধ ছাত্রসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অংশ হিসেবে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এস এম/ ১০ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language