দক্ষিণ এশিয়া

পাকিস্তানের এফ-১৬ আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের ৬৮৬ মিলিয়ন ডলারের সহায়তা, অসন্তুষ্ট ভারত

পাকিস্তানের এফ-১৬

দিল্লি,০৯ নভেম্বর-পাকিস্তানের বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নের জন্য ৬৮৬ মিলিয়ন (৬৮ কোটি ৬০ লাখ) ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ জানিয়েছে ভারত। নয়াদিল্লির কর্মকর্তা ও বিশ্লেষকদের অভিযোগ, দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান একরকম নয়। তাদের মতে, ওয়াশিংটনের এই সিদ্ধান্ত দ্বিচারিতারই প্রমাণ।

বার্তা সংস্থা ভেসপার গ্লোবাল নিউজের বরাতে জানা গেছে, পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে সামরিক সহায়তা প্যাকেজের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই সহায়তার আওতায় যুদ্ধবিমানগুলোর নেভিগেশন, যোগাযোগব্যবস্থা এবং সামগ্রিক কার্যক্ষমতা উন্নত করা হবে। এর ফলে ১৯৮০-এর দশক থেকে মার্কিন নির্মিত এফ-১৬ ব্যবহার করে আসা পাকিস্তান বিমানবাহিনীর সক্ষমতা আরও বাড়বে।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের সমালোচনা করে ভারতীয় কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়া সত্ত্বেও তার সামরিক সক্ষমতা বাড়াতে সহযোগিতা করছে ওয়াশিংটন। অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিয়ে আসছে। তাদের মতে, যুক্তরাষ্ট্রের এই দুই অবস্থানের মধ্যে স্পষ্ট অসংগতি রয়েছে।

তবে অনুমোদিত এই সহায়তা প্যাকেজে পারমাণবিক অস্ত্রের সঙ্গে সম্পর্কিত কোনো সরঞ্জাম রাখা হয়নি। তারপরও আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, এফ-১৬ যুদ্ধবিমানের প্রযুক্তিগত উন্নয়নের ফলে পাকিস্তানের সামগ্রিক সামরিক শক্তি ও প্রতিরোধ সক্ষমতার ওপর পরোক্ষ প্রভাব পড়তে পারে। এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসলামাবাদ।

ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরিতা এবং দক্ষিণ এশিয়ার চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। তবে ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তান—দুই দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখে আঞ্চলিক ভারসাম্য ধরে রাখার চেষ্টা করে আসছে।

এ অবস্থায় পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের এই সহায়তা দুই দেশের সঙ্গে ওয়াশিংটনের প্রতিরক্ষা সম্পর্কের সমীকরণে কী প্রভাব ফেলে, তা পর্যবেক্ষণ করছেন আঞ্চলিক কর্মকর্তারা। একই সঙ্গে এই সিদ্ধান্তের পর ভারত তার পশ্চিমা মিত্রদের কাছে নতুন করে নিরাপত্তার নিশ্চয়তা চায় কি না, সেটিও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language