পশ্চিমবঙ্গ

বিজেপি সরকারের সমালোচনা করে পোস্ট, পশ্চিমবঙ্গে গ্রেফতার ৩ কনটেন্ট ক্রিয়েটর

গ্রেফতার ৩ কনটেন্ট ক্রিয়েটর

কলকাতা,০৭ নভেম্বর-ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ও বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গে তিনজন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির তথ্য যাচাইকারী সংস্থা অল্ট নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার হওয়া তিনজন হলেন আকাশ সরকার, সুরজিৎ শী ও শ্রীময়ী চক্রবর্তী।

এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা ও বাক্‌স্বাধীনতা নিয়ে পশ্চিমবঙ্গজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

অল্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে আকাশ সরকার তিন দিন পুলিশ হেফাজতে থাকার পর গত ২৯ অক্টোবর আদালত থেকে জামিন পান। অন্যদিকে, শ্রীময়ী চক্রবর্তীকে গত ২৬ অক্টোবর ব্যক্তিগত বন্ডে মুক্তি দেয় বিধাননগর পূর্ব থানা।

তবে বাকি দুজন মুক্তি পেলেও ‘কোর বাংলা জনগণঠা’ নামের জনপ্রিয় ফেসবুক পেজের উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর সুরজিৎ এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, দুর্গাপূজার সময় চোরবাগানে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা এবং এ বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন সুরজিৎ।

ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য সুরজিতের পরিবারের দাবি, তাঁকে গ্রেফতারের আগে স্থানীয় বিজেপি ও আরএসএসের কর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালান। পরে তাঁদের ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সুরজিতের আইনজীবী ও স্বজনদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, দুর্গাপূজার সময় পদদলিত হওয়ার ঘটনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৫ অক্টোবর নাগেরবাজারের বাড়ি থেকে আকাশ সরকারকে গ্রেফতার করা হয়।

আকাশের দাবি, পূজামণ্ডপের বিশৃঙ্খলা এবং প্রতিমা বিসর্জনের সময় প্রশাসনের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণেই তাঁকে মামলায় জড়ানো হয়েছে।

এ ছাড়া ‘তিন বাটি’ নামে রাজনৈতিক কটাক্ষ এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে শ্রীময়ী চক্রবর্তীকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

তিন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে পুলিশের এসব পদক্ষেপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাক্‌স্বাধীনতা ও রাজনৈতিক সমালোচনার অধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language