খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে ৭ দোকান ও ২ বসতঘরসহ ৯ স্থাপনা পুড়ে ছাই

খাগড়াছড়ি,০৬ নভেম্বর-খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের সাতটি দোকান, দুটি বসতঘরসহ মোট নয়টি স্থাপনা এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক সম্পূর্ণ পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার রাত ২টা ৫৫ মিনিটের দিকে খাগড়াছড়ি সেনানিবাসের ৪ নম্বর গেটের পাশে কলাবাগান এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে সাতটি দোকান, দুটি বসতঘরসহ মোট নয়টি স্থাপনা এবং একটি টমটম পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ এবং পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এস এম/ ০৬ নভেম্বর ২০২৬







