জাতীয়

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের ইতিবাচক সিদ্ধান্তের আশা বাংলাদেশের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ঢাকা,০২ নভেম্বর-বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশার কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি নবায়নের জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছে। উচ্চপর্যায়ের কমিটি এ বিষয়ে সমঝোতা করবে। ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করি।

তিনি বলেন, গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কাজ চলছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতেও বিএনপি সরকার কাজ করছে।

তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলন নিয়ে শামা ওবায়েদ বলেন, সম্মেলনে দুই দিনের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কী কী প্রয়োজন, তা বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন তিনি।

গত ছয় মাসে বিএনপি সরকার জলবায়ু নিয়ে কী কী পদক্ষেপ নিয়েছে এবং কী কী সাফল্য অর্জন করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তা তুলে ধরবেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এস এম/ ০২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language