ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের, আরও এক-দুটি স্থাপনায় হামলা বাকি

ওয়াশিংটন, ০১ নভেম্বর- ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে দেশটিতে আরও এক বা দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনাও রয়েছে।
ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ‘ভালোভাবেই চলছে’। তবে দেশটিকে খুব বেশি বিশ্বাস করা যায় না। তার দাবি, ইরানের সামরিক বাহিনী ও পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে ধ্বংস হয়ে যাওয়ায় এখনই নতুন করে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের তেমন কোনো তাড়া নেই।
ট্রাম্প বলেন, “আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি। তবে আমার মতে, এখনও এক বা দুটি স্থাপনার বিষয় বাকি রয়েছে। সেগুলো আমরা ১০ মিনিটের মধ্যেই ধ্বংস করতে পারি।”
এ সময় পিকঅ্যাক্স মাউন্টেনের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই স্থাপনাটির বিষয়েও ব্যবস্থা নিতে হবে। তার ভাষায়, “আমরা খুব দ্রুতই এসব কাজ করতে পারি।”
পিকঅ্যাক্স মাউন্টেনকে ইরানের একটি সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা হিসেবে উল্লেখ করা হয়। তবে সেখানে কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চলছে—এমন অভিযোগ অস্বীকার করেছে ইরান সরকার।
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। একদিকে আলোচনায় অগ্রগতির কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট, অন্যদিকে ইরানের আরও কিছু স্থাপনায় হামলার সম্ভাবনার কথাও তুলে ধরছেন তিনি।
এস এম/ ০১ নভেম্বর ২০২৬







