জাতীয়

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বিচারপতি আশফাকুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের বোর্ড গঠন

বিচারপতি আশফাকুর রহমান

ঢাকা,০১ নভেম্বর-পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণের জন্য মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ছয় সদস্যের এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এর আগে শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে একাধিক ফলপ্রসূ বৈঠক হয়েছে। ওই বৈঠকগুলোর ধারাবাহিকতায় এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হলো।

মন্ত্রী আরও বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও অধিকারের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। সেই অনুযায়ী সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে।

শ্রমমন্ত্রী আরও বলেন, ‘দাবি পূরণ হওয়ায় এবং সরকার নিয়মতান্ত্রিকভাবে মজুরি বোর্ড গঠন করায় শ্রমিক ভাইবোনদের আর আন্দোলন বা সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই।’ তিনি অবিলম্বে সব কারখানার শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।

মন্ত্রী আশা প্রকাশ করেন, মালিক ও শ্রমিকদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে খুব দ্রুত একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত ন্যূনতম মজুরি নির্ধারণ করা সম্ভব হবে। যা দেশের অর্থনীতি ও পোশাকশিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে রবিবার এ বিষয়ে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি আশফাকুর রহমান।

নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।

জারি করা প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে ন্যূনতম মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম শুরু করার অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ০১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language