দিনাজপুর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৯৮%, গত বছরের তুলনায় কমেছে

দিনাজপুর,৩১ অক্টোবর-এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন ৪৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ।
শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এরপর দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। সে বছর মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এস এম/ ৩১ অক্টোবর ২০২৬







