হবিগঞ্জ

ভারতে অবৈধভাবে যাওয়ার চেষ্টায় নির্বাচন অফিসের কর্মচারী আটক

নির্বাচন অফিসের কর্মচারী

হবিগঞ্জ,২১ সেপ্টেম্বর- হবিগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে হবিগঞ্জ-৫৫ বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে।

আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী। তিনি কিশোরগঞ্জ উপজেলার তাড়াইল থানার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর আওতাধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত দিয়ে শূন্যরেখা পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সুশান্ত। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, ২০১৬ সাল থেকে তিনি নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কাজ করছেন। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তিনি প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁর অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।

সুশান্ত চন্দ্র বিশ্বাস জানান, গত কয়েকদিন ধরে তিনি শ্রীমঙ্গলের একটি হোটেলে অবস্থান করছিলেন। এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটক ব্যক্তির কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তাঁর নামে করা দুটি এনআইডি কার্ড, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত থাকবে।

এস এম/ ২১ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language