হবিগঞ্জ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

হবিগঞ্জ, ১৬ মে – হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে মহাসড়কের নতুন ব্রিজ এলাকায় বাস দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই অবরোধ কর্মসূচি পালন করেন পরিবহন শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বিরতিহীন বাস চলাচল করছে। তবে সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ এই রুটে বাস চলাচলে বাধা প্রদান করছে। গত ১০ মে মৌলভীবাজারে হবিগঞ্জের বিরতিহীন বাস আটকে রেখে শ্রমিকদের মারধর করার অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে গত ১২ মে থেকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সিলেটসহ জেলার বিভিন্ন অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। সংকট নিরসনে হবিগঞ্জ ও মৌলভীবাজার প্রশাসনের উপস্থিতিতে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো কার্যকর সমাধান আসেনি। পরবর্তীতে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও হুইপ জি কে গউছের উদ্যোগে শুক্রবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দীর্ঘ সময় বৈঠক চলে।

কিন্তু গভীর রাত পর্যন্ত আলোচনা চললেও উভয় পক্ষ কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। শনিবার প্রশাসনের আশ্বাসে পুনরায় বাস চলাচল শুরু হলেও দুপুরে মৌলভীবাজারে আবারও শ্রমিকদের মারধর ও বাস আটকে রাখার অভিযোগ পাওয়া যায়। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় মহাসড়ক অবরোধ করেন।

পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে এবং পুনরায় সমস্যা সমাধানের আশ্বাসে বেলা আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে পরিবহন নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দ্রুত এই সংকটের স্থায়ী সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

এস এম/ ১৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language