হবিগঞ্জে মাদক নিয়ে চার গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫০, আটক ৬

হবিগঞ্জ, ১ জুন – হবিগঞ্জের সদর উপজেলায় মাদক বিক্রির ঘটনাকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামের দুই যুবকের মধ্যে তর্কের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়।
এর এক পর্যায়ে বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় নতুন বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরবর্তীতে বনদক্ষিণ গ্রামের পক্ষে সুলতানশী এবং চরহামুয়া গ্রামের পক্ষে বনগাঁও গ্রামবাসীও এই রক্তক্ষয়ী সংঘর্ষে যোগ দেন।
প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই সংঘাতের সময় অন্তত ১০টি দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন যাদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে তিন রাউন্ড টিয়ার শেল এবং চার রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুলিশি পাহারায় পরিবেশ শান্ত রয়েছে।
এস এম/ ১ জুন ২০২৬









